
বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের আগে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, “গাছ ভালো থাকলে আমরা ভালো থাকব। আমাদের জীবন, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার সঙ্গে গাছের সম্পর্ক অবিচ্ছেদ্য। আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি, গাছ ঠিক তার বিপরীত কাজ করে। তাই গাছকে ভালো রাখতে পারলে আমরাও ভালো থাকব।”
তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। রোপণের পর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। অবহেলার কারণে কোনো প্রতিষ্ঠানের লাগানো গাছ নষ্ট হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
গাছ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত। এ বিষয়ে শিশুদের ছোটবেলা থেকেই সচেতন করে গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির এবং জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে একটি ঔষধি ও একটি ফলদ গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী এ বৃক্ষ মেলায় ১৯টি স্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। আগামী ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।
আপনার মতামত লিখুন :