‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি বন্যার্ত মানুষের পাশে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শনিবার (১১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও দিকনির্দেশনা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এবং তাঁর টিমের মাধ্যমে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত জেলাগুলোর স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

মাহদী আমিন বলেন, আগামীকাল (রোববার) প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। উদ্ধার কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে অবস্থান করে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দও মাঠপর্যায়ে কাজ করছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বিএনপির ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আর্থিক সহায়তার বিষয়ে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ২ কোটি টাকার বেশি অর্থ সহায়তা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে চাল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে কার্যক্রম চলমান রয়েছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, সীমান্ত এলাকায় বিজিবি এবং প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীকে উদ্ধার কাজে সম্পৃক্ত করা হয়েছে। পানিবাহিত রোগ ও সাপের দংশন মোকাবিলায় পর্যাপ্ত ওষুধ, ভ্যাকসিন ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

তিনি জানান, পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়ক ও রেলপথ দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি, গৃহস্থালী ও গবাদিপশু খামারিদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাহদী আমিন বলেন, বর্তমানে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যার সৃষ্টি হলেও তা দ্রুত সমাধানে কাজ চলছে।

তিনি আরও বলেন, সরকারের কার্যক্রম মূলত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন—এই তিনটি পর্যায়কে সামনে রেখে পরিচালিত হচ্ছে। দুর্যোগের এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।