ঢাকায় পরিত্যক্ত বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
ঢাকায় পরিত্যক্ত বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানার বাংলামোটর এলাকায় একটি পরিত্যক্ত বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, শনিবার বেলা পৌনে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাংলামোটরের সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাসায় যায়। সেখানে একটি গাছের সঙ্গে অজ্ঞাতপরিচয় ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।