দিনাজপুরে বিএফএ নির্বাচনী আলোচনা সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠিত


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌মিত্র   প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
দিনাজপুরে বিএফএ নির্বাচনী আলোচনা সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠিত

দিনাজপুরে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচন উপলক্ষে আলোচনা সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর শহরের লিলির মোড় এলাকার হোটেল গ্রান্ড নূরের কনফারেন্স রুমে বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি সুজাউর-রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসন্ন বিএফএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মোশারফ গ্রুপের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।

বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, “আমাদের রুটি-রুজির প্রাণকেন্দ্র হচ্ছে বিএফএ। দেশের কৃষি খাতের উন্নয়নে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও কৃষি খাতের স্বার্থে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করে যেতে হবে।”

তিনি আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে এবং তার প্যানেলের কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. আলাউদ্দিন চৌধুরীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএফএ নির্বাচনে পরিচালক (কোষাধ্যক্ষ) পদপ্রার্থী মো. আলাউদ্দিন চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মো. মোসাদ্দেক হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফএ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক মোবারক হোসেন বাচ্চু, বিএফএ-এর সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোমিন সরকার এবং সাবেক সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম।

বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের সহ-সভাপতি মো. জাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফএ-এর সাবেক পরিচালক এম. রেজাউল করিম রঞ্জু, দিনাজপুর ইউনিটের কোষাধ্যক্ষ মো. আকবর হোসেন এবং বিরল ইউনিটের সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিএফএ দিনাজপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ইউনিটের প্রতিনিধিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।