তৃতীয় বিয়ে করলেন আমির খান, পাত্রীর পরিচয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
তৃতীয় বিয়ে করলেন আমির খান, পাত্রীর পরিচয়

আমির খানগৌরী স্প্র্যাট ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিলে আমিরের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজে দেখা যায়। গলায় ছিল হালকা গয়না এবং চুলে ফিশটেইল বেণি। অন্যদিকে আমির খান পরেছিলেন ক্রিম রঙের কুর্তা, যার সঙ্গে ছিল একটি ব্রোচ। বিয়ের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিয়ের আগে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তারা নিবন্ধিত ও পারিবারিক পরিবেশে সাদামাটা বিয়েই বেছে নিয়েছেন। তিনি বলেন, অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। বিষয়টি একেবারেই ব্যক্তিগত রাখতে চেয়েছেন তারা।

বর্তমানে গৌরী স্প্র্যাট আমির খান প্রোডাকশনসের সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে তিনি বেঙ্গালুরুভিত্তিক একটি সেলুন চেইনে কাজ করতেন। আগের সংসারে তার সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির।

সে সময় অভিনেতা জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হয়েছিল। পরে তার চাচাতো বোন নুজহাত খান-এর মাধ্যমে আবার যোগাযোগ হয় এবং সেখান থেকেই তাদের সম্পর্ক নতুনভাবে শুরু হয়। আমির বলেছিলেন, আগের দুই সম্পর্ক থেকে তিনি অনেক কিছু শিখেছেন এবং গৌরীর সঙ্গে তিনি জীবনে স্থিরতা খুঁজে পেয়েছেন।

এর আগে এক পডকাস্টেও আমির বলেন, গৌরীর সঙ্গে তার পরিচয় হয়েছিল ঘটনাচক্রে। বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দুটি বিবাহবিচ্ছেদের পর জীবনে আবার ভালোবাসা ফিরে আসবে—এমনটা তিনি ভাবেননি বলেও জানান এই অভিনেতা।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী রীনা দত্ত। তাদের দুই সন্তান জুনাইদ খানইরা খান। পরে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। তাদের এক ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। তাদের দুজনই এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।