
সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৫ জুলাই) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির একটি বিশেষ টহল দল সদর উপজেলার চৌরঙ্গীর মোড় এলাকা থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একই দিনে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চাঁন্দা এলাকা থেকে ভারতীয় ওষুধ উদ্ধার করে।
অপরদিকে, ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে আরও ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। জব্দকৃত সব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৩ হাজার টাকা।
তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় পণ্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :