
বাংলাদেশের রাজশাহী অঞ্চলের সীমান্ত ঘেঁষে নিরাপত্তা জোরদার করতে তিনটি নতুন থানা ও তিনটি আউটপোস্ট স্থাপনের প্রস্তাব দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। মালদা জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় এসব অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মতে, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় শুধু সীমান্তরক্ষী বাহিনী নয়, স্থানীয় পুলিশ প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে মালদা জেলার সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে পাঠানো প্রস্তাব অনুযায়ী সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংগঠিত করতে বর্তমানে চলমান তিনটি পুলিশ আউটপোস্টকে থানায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে জনবল বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।
প্রস্তাব অনুযায়ী, মালদা জেলার কালিয়াচক থানার আওতাধীন গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী—এই তিনটি আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নীত করে নতুন থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হবিবপুরের জাজইল ও বামনগোলা থানার জগদল্লা এলাকায় দুটি নতুন আউটপোস্ট স্থাপনের প্রস্তাবও রাখা হয়েছে।
এছাড়া ইংরেজবাজার এলাকার লুকোচুরি পুলিশ আউটপোস্টকেও উন্নীত করে আরও কার্যকর আউটপোস্টে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পুলিশ জানিয়েছে, এসব পরিবর্তনের মাধ্যমে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও বাড়ানো সম্ভব হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে অপরাধ দমনে স্থানীয় পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি এখন রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললে মালদা জেলার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :