জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। অভিযোগ পাওয়ার পর তা তদন্তের জন্য পরবর্তী আইনি প্রক্রিয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে বলে জানানো হয়।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি গ্রহণ করে নিয়ম অনুযায়ী সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ফেসবুকে এক পোস্টে দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানকে কটাক্ষ করায় কথিত অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্র সংলাপ ফোরাম মামলা করেছে।

তিনি আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল, যার ধারাবাহিকতায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক পর্যালোচনা শেষে তদন্ত শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রমাণ যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন হিসেবে দেখছেন, আবার অনেকে আইনগত পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।