
রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে বিরোধের জেরে সালিশি বৈঠক চলাকালে দুই বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। পরে তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা হলেন—নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি মো. সাদ্দাম (৩৫) এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশা (৩০)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মারা যান।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সোমবার (২৯ জুন) নবোদয় হাউজিং এলাকায় ফুটবল খেলা দেখার পর কিছু যুবক ঢোল বাজিয়ে হই-হুল্লোড় করছিল। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনকে থাপ্পড় দেন। এ ঘটনার জেরে রিপনের পরিবার ও হাবিবুর রহমানের পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়।
পরে বিষয়টি মীমাংসার জন্য বুধবার নবোদয় বাজারে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিশ চলাকালেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাবিবুর রহমানের পক্ষের কয়েকজন সাদ্দাম ও বাদশাকে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা আহতদের দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে আবুল বাসার বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সাদ্দাম চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :