
পুরো বিশ্ব যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন, ঠিক তখনই ফিলিস্তিনের গাজা উপত্যকার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন এবং রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সি এই ফুটবলার নিহত হন।
স্থানীয় ফুটবলে পরিচিত মুখ আল-আশকার ক্যারিয়ারে খাদামাত খান ইউনিস ছাড়াও আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবে খেলেছেন। তিনি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ঘরোয়া ফুটবলে সক্রিয় ছিলেন।
ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেন আল-আশকার। তাঁর স্ত্রী বর্তমানে প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। সাত ভাইবোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অপূরণীয় ক্ষতি।
ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ক্রীড়াঙ্গনের অন্তত ১,০০৯ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৫৬৭ জনই ফুটবল সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :