
ঢাকার সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও সর্বস্ব হারানো ১৩টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, সম্প্রতি আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া হাজী আক্কাস আলী মার্কেটসংলগ্ন এলাকায় হাজী মো. সুরুজ মিয়ার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাড়ির একাধিক কক্ষ পুড়ে যায় এবং সেখানে বসবাসরত ১৩টি পরিবার তাদের আসবাবপত্র, পোশাকসহ প্রয়োজনীয় মালামাল হারিয়ে চরম দুর্ভোগে পড়ে।
ক্ষয়ক্ষতির খবর পেয়ে আলহাজ্ব আব্দুল গফুর মিয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা লাঘবে পুনর্বাসনের অংশ হিসেবে নগদ আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আশুলিয়া থানা বিএনপির নেতা আলহাজ্ব মো. ইদ্রিস আলী মিয়া।
এ সময় বক্তারা বলেন, দুর্যোগ ও দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম অঙ্গীকার। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং আশুলিয়া থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :