
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম রাউন্ডে আর্জেন্টিনা ও কেপ ভার্দের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কানাডার অভিজ্ঞ রেফারি ড্রু ফিশার।
শুক্রবার (৩ জুলাই) মায়ামিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ফিফা ইতোমধ্যে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে।
৪৫ বছর বয়সি ড্রু ফিশার উত্তর আমেরিকার পরিচিত ও অভিজ্ঞ রেফারিদের একজন। ২০১৫ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকায় রয়েছেন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এ দায়িত্ব পালন করে আসছেন। এখন পর্যন্ত তিনি এই লিগে ২২৯টি ম্যাচ পরিচালনা করেছেন, যেখানে নিয়মিতই খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনার ম্যাচে ফিশারের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম। এর আগে মাত্র একবার আলবিসেলেস্তেদের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০২৪ কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার রেফারিংয়ে ১–০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। পরবর্তীতে ওই বছরই কোপা আমেরিকার শিরোপা জেতে লিওনেল স্ক্যালোনির দল।
ফিশারের ক্যারিয়ারে বিতর্কিত একটি অধ্যায়ও রয়েছে। ২০২৩ সালে কনকাকাফ নেশন্স লিগে মেক্সিকো–হন্ডুরাস কোয়ার্টার ফাইনালে ভিএআর দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচে অতিরিক্ত সময় সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ইনজুরি টাইমে মেক্সিকো গোল করে ম্যাচে সমতা আনে এবং পরে টাইব্রেকারে জয় পায়। ওই ঘটনায় হন্ডুরাস শিবির ভিএআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ পরিচালনা করেছেন ড্রু ফিশার। এর মধ্যে রয়েছে ফ্রান্সের ৩–০ গোলে ইরাককে হারানোর ম্যাচ এবং ক্রোয়েশিয়ার ২–১ গোলে ঘানার বিপক্ষে জয়।
এবার তার সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের আরেকটি আলোচিত নকআউট ম্যাচ, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
আপনার মতামত লিখুন :