
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হাল্যান্ড। তার গোলের ওপর ভর করে নকআউট পর্বের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে নরওয়ে। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হাল্যান্ডকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার রদ্রিগো।
মঙ্গলবার (৩০ জুন) রাতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে আইভেরি কোস্টের বিপক্ষে হাল্যান্ডের গোলেই জয় পায় নরওয়ে। এরপর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
হাল্যান্ডের সেই পোস্টে মন্তব্য করেন রদ্রিগো। কমেন্ট বক্সে তিনি লেখেন, “তুমি অনেক পরিশ্রম করেছো। রোববার একটা ব্রেক নাও।” ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে হাল্যান্ডকে বিশ্রামের পরামর্শ দেওয়ার বিষয়টি ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

আগামী রোববার (৬ জুলাই) দিবাগত রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচে হাল্যান্ডের ধারাবাহিক পারফরম্যান্সই নরওয়ের বড় শক্তি। চলতি আসরে এখন পর্যন্ত দুর্দান্ত গোল স্কোরিং ফর্মে রয়েছেন তিনি। এদিকে ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি রদ্রিগো। তবে দলের বাইরে থাকলেও বিশ্বকাপ উপভোগ করতে বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
এর আগে নকআউট পর্বের প্রথম রাউন্ডে জাপানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে একই ব্যবধানে আইভেরি কোস্টকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছে নরওয়ে। এখন হাল্যান্ড বনাম ব্রাজিলের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
আপনার মতামত লিখুন :