ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল!

২৮ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে নরওয়ে। সোমবার (৩০ জুন) আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ইউরোপের দলটি। এর আগে একই ব্যবধানে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে নরওয়েকে পেয়ে স্বস্তিতে থাকার কথা ব্রাজিলের। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। কারণ ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেও এখন পর্যন্ত কোনো জয় পায়নি ব্রাজিল।

বর্তমান নরওয়ে দলে রয়েছেন বিশ্বমানের ফুটবলার আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার শরলথ ও আন্তোনিও নুসার মতো তারকারা। শক্তিশালী এই স্কোয়াডের কারণে এবারের বিশ্বকাপে দলটিকে ডার্ক হর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে ব্রাজিলও বরাবরের মতোই শিরোপার অন্যতম দাবিদার।

দুই দলের মধ্যে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে। এর মধ্যে নরওয়ে জয় পেয়েছে দুটি ম্যাচে, আর দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ চার ম্যাচে একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল।

ব্রাজিল-নরওয়ে মুখোমুখি পরিসংখ্যান:

২৭ জুলাই ১৯৮৮ (প্রীতি ম্যাচ): নরওয়ে ১-১ ব্রাজিল

২৯ মে ১৯৯৭ (প্রীতি ম্যাচ): নরওয়ে ৪-২ ব্রাজিল

২৩ জুন ১৯৯৮ (বিশ্বকাপ): ব্রাজিল ১-২ নরওয়ে

১৬ আগস্ট ২০০৬ (প্রীতি ম্যাচ): নরওয়ে ১-১ ব্রাজিল

দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াই হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে বেবেতোর গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। নরওয়ের হয়ে গোল করেছিলেন তোরে আন্দ্রে ফ্লো ও শেতিল রেকথাল। তবে ওই পরাজয়ের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠেছিল সেলেসাওরা।

এর আগে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ছিল সেনেগালেরও। তবে গত বছরের নভেম্বরে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতে সেই অপেক্ষার অবসান ঘটায় ব্রাজিল। ফলে এখন ইতিহাসের এই বিশেষ রেকর্ড ধরে রেখেছে শুধু নরওয়ে।

আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, ব্রাজিলের জন্য এটি দীর্ঘদিনের ইতিহাস বদলের সুযোগ। অন্যদিকে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ করতে চাইবে নরওয়ে।

এখন দেখার বিষয়, ইতিহাস বদলাতে পারে কি না ব্রাজিল, নাকি তাদের বিপক্ষে নিজেদের অজেয় থাকার গল্প আরও দীর্ঘ করবে নরওয়ে।