
ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় একটি বাড়িতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কাঁচা ও রান্না করা মাংস জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কৌশাম্বী জেলার পানারা গোপালপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ সরু গলি দিয়ে পালিয়ে যান। পরে বাড়িতে থাকা তিন নারীকে আটক করে পুলিশ।
কৌশাম্বী জেলার পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপত জানান, অভিযানের সময় বাড়ির ভেতর একটি পাত্রে রান্না করা মাংস এবং একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে কাঁচা মাংস পাওয়া যায়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানিয়েছেন, মাংসগুলো গরুর এবং পরিবারের পুরুষ সদস্যরাই তা বাড়িতে নিয়ে এসেছিলেন।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মাংসের একটি অংশ রান্না করা হচ্ছিল এবং বাকি অংশ পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল। ঘটনাস্থল থেকে প্রায় এক কেজি কাঁচা এবং এক কেজি রান্না করা মাংস জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে মাংসগুলো সত্যিই গরুর কি না, তা নিশ্চিত করতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ঘটনায় সরাই আকিল থানায় উত্তর প্রদেশ গো-হত্যা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিন নারীকে আদালতে হাজির করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :