উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।রোববার (২৮ জুন) সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা এ মধ্যাহ্নভোজে অংশ নেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।

মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের হাত ধরেই দেশের আগামী দিনের উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করবে। তাই শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এমন আয়োজনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এসব শিক্ষার্থী সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে। এ ছাড়া তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করে।