মহাকাশে কোরআন তিলাওয়াতকারী প্রথম আফগান নভোচারীর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
মহাকাশে কোরআন তিলাওয়াতকারী প্রথম আফগান নভোচারীর মৃত্যু

মহাকাশে কোরআন তিলাওয়াত করে ইতিহাস গড়া আফগানিস্তানের প্রথম নভোচারী আবদুল আহাদ মোমান্ড মারা গেছেন। জার্মানির স্টুটগার্ট শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে মহাকাশপ্রেমী ও আফগান সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Abdul Ahad Momand-এর জন্ম ১৯৫৯ সালের ১ জানুয়ারি আফগানিস্তানের গজনি প্রদেশে। তরুণ বয়সে তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নে সামরিক বিমান চালনার উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশে ফিরে তিনি আফগান বিমানবাহিনীতে যুদ্ধবিমানচালক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং দক্ষতার মাধ্যমে দ্রুতই পাইলট হিসেবে সুনাম অর্জন করেন।

১৯৮৮ সালের ২৯ আগস্ট তিনি ঐতিহাসিক মহাকাশ অভিযানে অংশ নেন। Soyuz TM-6 মহাকাশযানে করে তিনি পৃথিবীর কক্ষপথে যাত্রা করেন এবং Mir Space Station-এ অবস্থান করেন। প্রায় নয় দিন মহাকাশে অবস্থান শেষে ৭ সেপ্টেম্বর তিনি সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন। এই অভিযানের মাধ্যমে তিনি আফগানিস্তানের প্রথম নভোচারী হিসেবে ইতিহাসে স্থান করে নেন।

মহাকাশে অবস্থানকালে তিনি পবিত্র কোরআনের একটি কপি সঙ্গে নিয়ে যান এবং সেখানে কোরআন তিলাওয়াত করে ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। পাশাপাশি তিনি প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশ থেকে মাতৃভাষা পশতুতে কথা বলে আরেকটি রেকর্ড গড়েন। এ সময় তিনি আফগানিস্তানের বিভিন্ন ভৌগোলিক ও পরিবেশগত ছবি তুলে বৈজ্ঞানিক গবেষণায়ও অংশ নেন।

পরবর্তীতে আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি জার্মানিতে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন এবং সেখানেই দীর্ঘদিন বসবাস করেন। তার মৃত্যুতে আফগান ইতিহাসে বিজ্ঞান ও মহাকাশ অভিযানের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করা হচ্ছে।