
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৯০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি অরূপ রতন সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরূপ রতন সিংহ পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই নয়, একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু বকর এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মালেক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মো. আছদ্দর আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মুজিবুর রহমান এবং বাংলা বিভাগের শিক্ষক জামিল উদ্দিন জোয়ার্দার যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে বিদায়ী ৯০ জন পরীক্ষার্থীর আসন্ন এইচএসসি পরীক্ষা, সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে বিদায়ী শুভেচ্ছা ও স্মারক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও অনুপ্রেরণার বার্তা তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :