সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


মোঃ রমজান আলী সাতক্ষীরা প্রতিনিধি : প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সরকারি মহিলা কলেজের হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিবুল ইসলাম ও জেলা তথ্য অফিসের উচ্চমান কর্মকর্তা মনিরুজ্জামান মনিরসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। যারা মাদকের প্রস্তাব দেয় তারা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। মাদকের কারণে মানুষ জীবনের মূল্যবান সময় ও ভবিষ্যৎ হারিয়ে ফেলে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে।

তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজের হলরুমে এসে শেষ হয়।