
নাটোরের লালপুর উপজেলায় বাল্যবিবাহ, মাদকাসক্তি, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও তথ্য সেবা কার্যালয়, লালপুরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে সকাল ১১টায় নাটোরের জেলা প্রশাসক লালপুর থানা পরিদর্শন করেন।
সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক। বিশেষ অতিথি ছিলেন লালপুরের সহকারী কমিশনার (ভূমি)। এছাড়া বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির ভয়াবহতা, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নিরাপদ ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা এবং গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার পাশাপাশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :