
সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম (৫২) চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে ছাতক থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাত সাড়ে ৩টার দিকে ছাতক থানার একটি দল উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুর রহিম কৈতক গ্রামের মৃত হারিছ আলীর ছেলে। তিনি সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি এবং সাবেক ইউপি সদস্য হিসেবে পরিচিত।
থানা সূত্রে জানা যায়, সিআর-১৭৪/২৫ নম্বর চাঁদাবাজি মামলায় আব্দুর রহিমের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ছাতক থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
পুলিশের দাবি, আদালতের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :