
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার আলোচিত-সমালোচিত নারী অজুফা বেগমকে অস্ত্র মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও মামলার নথি অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ ইস্ট বেঙ্গলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় মারুফ হাসান তাহসিন নামে এক যুবককে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক মারুফ হাসান তাহসিন স্বীকার করেন, তিনি অজুফা বেগমের সহায়তা ও অর্থায়নে সাংবাদিক ফরহাদকে অস্ত্র দিয়ে ফাঁসানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে অস্ত্র রাখেন। ঘটনার পর থেকেই অজুফা বেগম পলাতক ছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, মামলায় অজুফা বেগমকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, অজুফা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, দখলবাজি, মামলা বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের দাবি, তার ভাড়া বাসাকে কেন্দ্র করে ইয়াবা ও গাঁজার বেচাকেনা চলত, যার প্রভাব পড়ছিল এলাকার কিশোর ও যুবসমাজের ওপর। এছাড়া অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে তিনি বিলাসবহুল সম্পদ গড়ে তুলেছেন এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, তার বিরুদ্ধে প্রতিবাদ করলেও নানা ধরনের হুমকি ও চাপের মুখে পড়তে হতো।
অভিযোগ রয়েছে, সাংবাদিক ফরহাদের সঙ্গে বিরোধের জেরে তাকে হয়রানি করা হয় এবং শেষ পর্যন্ত অস্ত্র মামলায় ফাঁসানোর পরিকল্পনা করা হয় বলে স্থানীয়দের দাবি। তবে সেনাবাহিনীর অভিযানে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। অজুফা বেগম কারাগারে যাওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের অস্থিরতা কিছুটা কমেছে বলেও তারা জানান।
এ বিষয়ে তার স্বামী ইয়াকুব নবীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, অস্ত্র মামলার পাশাপাশি অন্যান্য অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, যাতে এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
আপনার মতামত লিখুন :