ইপিডিএপি’র সাধারণ সভা অনুষ্ঠিত, ইলেকট্রনিক্স খাতের সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা


গাজীপুর জেলা প্রতিনিধি, কবীর হোসেন প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইপিডিএপি’র সাধারণ সভা অনুষ্ঠিত, ইলেকট্রনিক্স খাতের সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা

ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএপি)-এর সাধারণ সভা বুধবার রাজধানীর নয়া পল্টনের ভিআইপি রোডস্থ ইস্টার্ন ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত মিডনাইট সান-৩ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন আকরাম হোসেন। সংগঠনের আহ্বায়ক আবুল কাশেম খোকনের সভাপতিত্বে এবং কামাল হোসেনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়। সভায় সংগঠনের সেক্রেটারি ইকরামুল হক পাটোয়ারীসহ নির্বাহী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি ও সেক্রেটারি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দেশের ইলেকট্রনিক্স শিল্পের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে আবুল কাশেম খোকন বলেন, বাংলাদেশের ইলেকট্রনিক্স খাত আগামী দিনে দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, এই খাতের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প গঠনে ইপিডিএপি কার্যকর ভূমিকা রাখবে।

তিনি উল্লেখ করেন, ইলেকট্রনিক্স খাতের সম্প্রসারণ কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং খাতের টেকসই উন্নয়ন নিয়েও বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়। সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাধারণ সভা দুপুর ১টা ৩০ মিনিটে সমাপ্ত ঘোষণা করা হয়।