পেনশন নিয়ে বড় সুখবর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
পেনশন নিয়ে বড় সুখবর

পেনশন সেবার জটিলতা কমিয়ে দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে নতুন অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই ব্যবস্থার মাধ্যমে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ঘরে বসেই পেনশন আবেদন, কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং বিভিন্ন ধরনের হয়রানির মুখোমুখি হন। নতুন এই ডিজিটাল ব্যবস্থাটি চালু হলে তারা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন এবং আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে সহজেই জানতে পারবেন।

তিনি বলেন, সরকারি অফিসে সরাসরি না গিয়ে অনলাইনে সেবা পাওয়ার সুযোগ তৈরি হলে একদিকে যেমন সময় ও খরচ কমবে, অন্যদিকে তেমনি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি দুর্নীতি কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থার আওতায় কোনো কর্মচারীর অবসরোত্তর ছুটিতে যাওয়ার প্রায় ১১ মাস আগেই মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে তাকে জানানো হবে। এরপর তিনি অনলাইনে পেনশনের আবেদন করতে পারবেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন এবং আবেদন কোন পর্যায়ে রয়েছে তা জানতে পারবেন।

একই প্ল্যাটফর্মের মাধ্যমে সংশ্লিষ্ট কল্যাণ কর্মকর্তা ও অনুমোদনকারী কর্তৃপক্ষ আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন করবেন। ফলে আগের তুলনায় পেনশন প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারি সেবাকে আরও সহজলভ্য করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।