
ভারতের উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ও সারা ভারত জমিয়েত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী দেশজুড়ে গবাদিপশুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে গো-হত্যার ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও অন্যদিকে বিপুল পরিমাণ গরুর মাংস বিদেশে রপ্তানি করা হচ্ছে, যা পরস্পরবিরোধী অবস্থান।
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, বিশেষ করে বিজেপি শাসিত উত্তর প্রদেশ, মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে গো-হত্যা নিয়ন্ত্রণে কঠোর আইন কার্যকর করা হয়েছে। এ অবস্থায় সরকার একদিকে গরু জবাই বন্ধের কথা বললেও অন্যদিকে বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার গবাদিপশু জবাই করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে বলে অভিযোগ করেন তিনি।
মাওলানা আরশাদ মাদানী বলেন, বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান করছে। এ নিয়ে দেশের ধর্মীয় ও সামাজিক মহলেও নানা প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, উত্তর প্রদেশসহ বিভিন্ন এলাকায় কিছু কোম্পানি গরু জবাই ও মাংস বিক্রির মাধ্যমে বিপুল মুনাফা অর্জন করছে এবং সরকার সেখান থেকে বড় অঙ্কের কর আদায় করছে।
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের কয়েকজন ধর্মগুরুও গো-হত্যা সম্পূর্ণ বন্ধের দাবি জানান। তারা গরুকে “গো-মাতা” উল্লেখ করে সারা দেশে এর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে গবাদিপশুকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিও তোলেন তারা।
এসময় ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা, শিখ সম্প্রদায়ের পণ্ডিত, মাওলানা ও মুফতিরা উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে গবাদিপশু সংরক্ষণে কেন্দ্রীয় সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
আপনার মতামত লিখুন :