দেশে নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
দেশে নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজারকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেনের সই করা দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানান জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এদিকে চট্টগ্রাম ওয়াসার রাজস্ব আদায়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংস্থাটির মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা অতিক্রম করে বর্তমানে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। একই সময়ে দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী রেকর্ড পরিমাণ।

এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবের রহমান শামীম।

তার নিয়োগের মাধ্যমে ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।