মানিকগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,৩ মাসের কারাদণ্ড


মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি, আজহার হোসেন। প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
মানিকগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,৩ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলার বেউথাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. দেলোয়ার হোসেন (৩৪)। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পূর্ব কুষ্টিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহিম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেউথাঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেলোয়ার হোসেনকে আটক করে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অভিযোগের সত্যতা পাওয়ায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাধারণ মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।