চট্টগ্রাম রেডিসন ব্লু-তে দৈনিক ‘ভোরের চেতন’ সম্পাদকীয় পর্ষদের একাংশের শুভেচ্ছা বিনিময়


​চট্টগ্রাম ব্যুরো অফিস: প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রাম রেডিসন ব্লু-তে দৈনিক ‘ভোরের চেতন’ সম্পাদকীয় পর্ষদের একাংশের শুভেচ্ছা বিনিময়

পর্যটন ও বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে জাতীয় দৈনিক ভোরের চেতনা সম্পাদকীয় পর্ষদের একাংশের বিশেষ আড্ডা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে এক প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে সাংবাদিকতার নানা অভিজ্ঞতা, সংবাদের পেছনের গল্প এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন পত্রিকাটির সম্পাদকীয় পর্ষদের সদস্যরা। ধোঁয়া ওঠা কফির পেয়ালায় জমে ওঠা এ আড্ডায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, পাঠকের প্রত্যাশা এবং সংবাদ পরিবেশনে নতুনত্ব আনার বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনায় চট্টগ্রামের আঞ্চলিক খবরের গুরুত্ব এবং দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ অঞ্চলের সংবাদগুলো আরও ব্যাপকভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি দৈনিক ভোরের চেতনাকে আরও আধুনিক ও পাঠকবান্ধব রূপে উপস্থাপনের বিভিন্ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার সম্পাদক ও প্রকাশক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ, সহকারী সম্পাদক কাজী মহিউদ্দিন এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান কফিল উদ্দিন।

আড্ডায় দৈনিক ভোরের চেতনার সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের রয়েছে নিজস্ব ঐতিহ্য ও অপার সম্ভাবনা। দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ সংবাদগুলো দায়িত্বশীলতার সঙ্গে পাঠকদের সামনে তুলে ধরতে ভোরের চেতনা কাজ করে যাচ্ছে। এমন আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি কাজের উৎসাহ বাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান বার্তা সম্পাদক মোন্নাফ খান বায়েজিদ বলেন, একটি সংবাদপত্রের প্রতিটি খবর পাঠকের কাছে পৌঁছানোর পেছনে পুরো দলের সম্মিলিত শ্রম ও প্রচেষ্টা রয়েছে। নিয়মিত কাজের ব্যস্ততার বাইরে এমন খোলামেলা আলোচনা টিমের মধ্যে সমন্বয় ও আন্তরিকতা আরও বাড়িয়ে দেয়। চট্টগ্রাম ব্যুরো প্রধান কফিল উদ্দিন ঢাকায় অবস্থানরত সম্পাদকীয় পর্ষদের সদস্যদের চট্টগ্রামের মাটিতে স্বাগত জানান এবং ব্যুরোর সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তরিক আয়োজন ভোরের চেতনা পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতার পথচলায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।