
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা মহোৎসব-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় শুরু হওয়া এ মহোৎসবে সুসজ্জিত রথ টানতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত সমবেত হন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। রথের দড়ি টেনে ভক্তরা তাদের গভীর ধর্মীয় বিশ্বাস ও ভক্তির বহিঃপ্রকাশ ঘটান। পুরো গোবিন্দকাটি গ্রাম উৎসবের আনন্দে মুখর হয়ে ওঠে।
রথযাত্রা মহোৎসব পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তারা পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, কীর্তন, ভক্তিমূলক সংগীত এবং বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে এ বছরের রথযাত্রা মহোৎসব স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন :