সাতক্ষীরায় শ্রদ্ধা ও আলোচনার মধ্য দিয়ে পালিত হলো জুলাই শহীদ দিবস


সাতক্ষীরা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় শ্রদ্ধা ও আলোচনার মধ্য দিয়ে পালিত হলো জুলাই শহীদ দিবস

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের কাটিয়া এলাকায় জেলা পরিষদ ডাকবাংলোর পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রথমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, আনসার ব্যাটালিয়ন, গণপূর্ত বিভাগ, সাতক্ষীরা পৌরসভা, শহীদ ও আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মইনসহ অনেকে।

এ ছাড়া সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহিনী তাবাসসুম, আরাফাত হোসেন, মুজাহিদুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শহীদদের আদর্শ ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ সব ধরনের বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।