
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী ও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া সৃষ্টি হতে পারে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই অঞ্চলে রয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ নিতে পারে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত বাড়তে পারে এবং উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি ঝোড়ো বাতাস অনুভূত হতে পারে। তাই সমুদ্রগামী নৌযান ও জেলেদের নিরাপত্তার স্বার্থে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সতর্কতা জারি করা হতে পারে বলে জানিয়েছে।
আপনার মতামত লিখুন :