
জুলাই শহিদ দিবস উপলক্ষে রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আবু সাঈদসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকে আরও সুসংহত করা এবং উন্নয়ন-অগ্রযাত্রাকে এগিয়ে নিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি ও বিরোধী দল উভয়ই গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা এবং জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহী। তবে বিরোধী দলের সংসদীয় বক্তব্যকে তিনি তাদের রাজনৈতিক অবস্থানের প্রতিফলন বলে উল্লেখ করেন।
আহমেদ আযম খান বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করে সরকার দায়িত্ব পালন করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
১৬ জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দুই বছর আগে এদিন রংপুরে আবু সাঈদ এবং চট্টগ্রামে ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনকে নতুন গতি দেয় এবং সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে। তাদের সেই আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি জানাতেই সরকার দিনটিকে জাতীয় শহিদ দিবস ও জুলাই শহিদ দিবস হিসেবে ঘোষণা করেছে।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুলাই শহিদ দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি ঘিরে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়।
বিকেলে মন্ত্রী রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহিদ আবু সাঈদের সমাধিস্থল পরিদর্শন করেন। সেখানে তিনি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
অন্যদিকে, জুলাই শহিদ দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শহিদ আবু সাঈদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। পরে তারা দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় এনসিপির নেতা সারজিস আলম, সংসদ সদস্য নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতারুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :