সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে বর্ষাকালে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আকস্মিক ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত পূর্বাভাস অনুসরণ করতে হবে। বিশেষ করে নদীপথে চলাচলকারী যাত্রী ও নৌযান সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।