মানিকগঞ্জে বাসি খাবার সংরক্ষণের দায়ে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা


মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
মানিকগঞ্জে বাসি খাবার সংরক্ষণের দায়ে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে হোটেলটিতে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা হয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগেও ২০২৫ সালের ২ নভেম্বর একই ধরনের অনিয়মের কারণে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে পুনরায় একই অপরাধ করায় এবার বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থে নিয়মিতভাবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ভোক্তার অধিকার ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।