ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় টালিপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১২ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শ্রাবন্তী চ্যাটার্জি জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে অর্ঘ্য তার বিভিন্ন ইভেন্ট ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্বে ছিলেন।

অভিনেত্রী বলেন, সম্প্রতি তিনি জানতে পারেন অর্ঘ্য একটি গুরুতর অপরাধমূলক অভিযোগের সঙ্গে জড়িত। বিষয়টি জানার পর তিনি বিস্মিত ও অস্বস্তিতে পড়েছেন। অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা তার কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না বলেও জানান তিনি। শ্রাবন্তী তার বিবৃতিতে বলেন, এই ঘটনার পর ভবিষ্যতে অর্ঘ্যের সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখবেন না। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য ও অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল একটি কাজের প্রয়োজনে ওই নারী অর্ঘ্যের বাড়িতে গেলে তাকে ধর্ষণ করা হয়। পরে গত ১২ জুন ভুক্তভোগী হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শেষে ১২ জুলাই অর্ঘ্যকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তবে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগগুলো এখনো তদন্তাধীন। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে দোষী সাব্যস্ত হননি।