সাতক্ষীরায় মজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় মজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মো. মজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রমে উপদেষ্টাদের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। গত সোমবার বিকেলে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির এজিএস আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, তালা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব সামিরুল ইসলাম মিলন, সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. মজনু সরদার এবং ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে নির্বাচিত সেক্রেটারি মো. মজনু সরদারকে বহিষ্কার করা হয়েছে। তাদের দাবি, নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালনে উপদেষ্টাদের অযাচিত হস্তক্ষেপের কারণে ইউনিয়নের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার, নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা এবং ইউনিয়নের কার্যক্রমে উপদেষ্টাদের হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন ও ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি, পৌর শ্রমিক দলের নেতা রেজাউল ইসলাম রেজা, সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান (ভিআইপি) শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহজান আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।