ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১


​চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি: প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল মাদকসহ গ্রেফতার ১

সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পীরগঞ্জ উপজেলার মাটিয়ানি গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার করা হয় মো. আজিবুর রহমান (৩৫)-কে। তিনি ওই উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাটিয়ানি গ্রামের মৃত আব্দুল গাফফারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযানকালে তার বাড়ির পূর্বমুখী টিনশেড গোয়ালঘর তল্লাশি করে মোট ১৮৮ বোতল বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে ১১৭ বোতল এসকাফ, ৫৯ বোতল এমকেডিল এবং ১২ বোতল ফেনসিডিল রয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে। তিনি রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব-১৩ (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তীতে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।