
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ও দুপুরে বন্যাদুর্গত এলাকাগুলোতে সরাসরি উপস্থিত হয়ে এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের হাতে খাদ্যসহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি দুর্গত এলাকায় দ্রুততম সময়ে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে কোনো মানুষ অনাহারে না থাকে। তিনি আরও জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আওতায় আনা হবে।
তিনি স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখার নির্দেশ দেন এবং দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন। একই কর্মসূচিতে মন্ত্রী বিগত সময়ে রাজনৈতিক আন্দোলনে মৃত্যুবরণকারী দলীয় নেতাকর্মীদের পরিবারের মাঝে বিশেষ সম্মাননা হিসেবে গরু ও আর্থিক সহায়তাও প্রদান করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সব ভুক্তভোগী পরিবারকে ত্রাণের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :