পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজার সংলগ্ন খালের স্লুইজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালের স্লুইজ গেটে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে কেউই ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল। ব্যাগটি তল্লাশি করে কিছু নগদ টাকা, চকলেট, আচার, বিস্কুট, বাদাম এবং বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট পাওয়া যায়।
উদ্ধার হওয়া এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :