সাতক্ষীরায় স্বেচ্ছাশ্রমে ড্রেন সংস্কার, স্থানীয়দের সঙ্গে কাজ করলেন ওমর ফারুক


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় স্বেচ্ছাশ্রমে ড্রেন সংস্কার, স্থানীয়দের সঙ্গে কাজ করলেন ওমর ফারুক

সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজসংলগ্ন সরকারপাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে স্বেচ্ছাশ্রমভিত্তিক ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ উদ্যোগে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সেক্রেটারি এবং সম্ভাব্য মেয়র প্রার্থী প্রভাষক মো. ওমর ফারুক।

স্থানীয়দের সঙ্গে নিয়ে তিনি ড্রেন পরিষ্কার ও সংস্কারের কাজে অংশ নেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনটি অপরিষ্কার থাকায় পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, ফলে হাজারো মানুষ ভোগান্তিতে পড়ছিলেন। বিষয়টি জানার পর স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

এ সময় প্রভাষক মো. ওমর ফারুক বলেন, জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। নাগরিক সমস্যার সমাধানে সম্মিলিতভাবে কাজ করলে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমান সময় বৃক্ষরোপণের জন্য উপযুক্ত। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, জনস্বার্থে এমন স্বেচ্ছাশ্রমভিত্তিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং অন্যদেরও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ নিতে উৎসাহিত করে।