
চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে গোলবারের নিচে চাপা পড়ে মোহাম্মদ এনায়েত উল্লাহ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
নিহত এনায়েত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার বাসিন্দা মো. হারুনুর রশিদ বাদশার ছেলে। তিনি সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) দুপুরে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি মিনি টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলার একপর্যায়ে গোলবারে ঝুলতে গেলে ভারী লোহার গোলবারটি হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এনায়েত উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া কাঞ্চনা এন. এ. চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদিন জানান, এনায়েত অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের শিশু ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :