হতাশায় নিজেকে শেষ করে দিলেন ৭৫ বছরের বৃদ্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
হতাশায় নিজেকে শেষ করে দিলেন ৭৫ বছরের বৃদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আবুল মালেক মাবুদ (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আবুল মালেক মাবুদ বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনে মাবুদ দুইবার বিয়ে করলেও কোনো সংসার দীর্ঘস্থায়ী হয়নি। তিনি নিঃসন্তান ছিলেন। দীর্ঘদিন ধরে একাকী জীবনযাপন করছিলেন তিনি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক ও ব্যক্তিগত হতাশা থেকে সোমবার সকালে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই বৃদ্ধ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।