
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় একটি পাহাড়ি ছড়া থেকে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানসংলগ্ন পাহাড়ি ছড়ায় পানির স্রোতের সঙ্গে ভেসে আসা অজগরটি জেলেদের জালে আটকা পড়ে। পরে ফিরুজ মিয়া, জহির, জামাল ও মামুন নামে চারজন স্থানীয় ব্যক্তি সাপটিকে উদ্ধার করে নিরাপদে সড়কের পাশে নিয়ে আসেন।
উদ্ধারের পর বিষয়টি বন বিভাগকে জানানো হলে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমাসহ এলাকার অনেক বাসিন্দা উপস্থিত ছিলেন।
বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট ৬ ইঞ্চি এবং ওজন প্রায় সাড়ে ৮ কেজি। বিরল এ সাপটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
আপনার মতামত লিখুন :