
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৪৫ শিশু। তবে এ সময়ের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ৫২টি শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৯৩ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬০৫ শিশু। এছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার পর আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে গত সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৬০ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়িয়েছে ৯০৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জনের শরীরে।
এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮০ হাজার ৪৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে হামের সংক্রমণ ও মৃত্যুহার কমানো সম্ভব। এ পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :