
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারোমাস” প্রতিপাদ্যকে ধারণ করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা এবং কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, ফলচাষি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ।
মেলার সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা সিদ্দিকী।
বক্তারা বলেন, পুষ্টি চাহিদা পূরণ এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে ফলের গুরুত্ব অপরিসীম। দেশীয় ফলের উৎপাদন, সংরক্ষণ ও সঠিক বাজারজাতকরণ কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতে পারে। এ কারণে ফল চাষ সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
মেলায় দেশীয় ও বিদেশি নানা প্রজাতির ফল প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা বিভিন্ন ফলের জাত, চাষাবাদ কৌশল এবং পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। প্রদর্শনী ঘিরে কৃষক ও ফলচাষিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :