বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই অটোরিকশা চালকের ৬ মাসের কারাদণ্ড


বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই অটোরিকশা চালকের ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা পড়া দুই অটোরিকশা চালককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) উপজেলার সাধনপুর ইউনিয়নের খাদ্য অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নওশা মিয়ার ছেলে মো. শাহেদ (২৬) এবং পালেগ্রাম এলাকার মৃত ওমর ফারুকের ছেলে হারুনুর রশীদ রুবেল (২২)। তারা উভয়েই অটোরিকশা চালক হিসেবে কর্মরত।

প্রশাসনের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এছাড়া শাহেদের বিরুদ্ধে অতীতেও মাদক সেবনের অভিযোগে কারাদণ্ড ভোগের তথ্য পাওয়া গেছে।

অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রাসঙ্গিক ধারায় উভয়কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, “মাদক সমাজ ও বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”

এদিকে, স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আরও কঠোর এবং ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।