ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫ সমঝোতা স্মারক সই হবে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫ সমঝোতা স্মারক সই হবে

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহদী আমিন বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হবে।

মাহদী আমিন বলেন, “আমরা আশা করি, এসব চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।” তিনি জানান, বৈঠকের পর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।

সফরের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে আগামী শুক্রবার (২৭ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাহদী আমিন বলেন, উভয় বৈঠকেই প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, জ্বালানি এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী যে এসব আলোচনা ও সমঝোতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এর সুফল দেশের জনগণের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।” বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।