চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখা একটি বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনবহুল ওই এলাকায় সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (২৪ জুন) বেলা ১০টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি মৎস্য অবতরণ কেন্দ্রের প্রবেশপথের পাশে বস্তুটি দেখতে পান। পরে তারা বিষয়টি মৎস্য কমিটির সদস্যদের জানান। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, মৎস্য অবতরণ কেন্দ্রের মতো ব্যস্ত ও জনসমাগমপূর্ণ স্থানে এ ধরনের সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

এ ঘটনায় কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ কয়েকজন নেতা অভিযোগ করেন, উদ্ধার হওয়া বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় তাদের ধারণা, এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের কোনো নাশকতামূলক পরিকল্পনার অংশ হতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বস্তুটির প্রকৃতি এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।