বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের ডালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে বুধবার দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ান থেকে বিশেষ হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। ডালিয়ান সফরকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন।

বুধবার সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, শিল্প খাতের রূপান্তর, প্রযুক্তির ভবিষ্যৎ এবং উদ্ভাবনভিত্তিক উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ জনের বেশি প্রতিনিধি, নীতিনির্ধারক, আন্তর্জাতিক ব্যবসায়ী ও অর্থনৈতিক বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হচ্ছে এই আয়োজনে।

বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।