
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও কার্যকর করতে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হন।
আলোচনায় রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে উভয় নেতা গুরুত্ব দেন।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি খাত, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে কাজাখস্তানের প্রস্তাব নিয়েও আলোচনা করেন দুই নেতা। এ উদ্যোগে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন কাজাখ প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ বিষয়ে বাংলাদেশের সমর্থন রয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি ভবিষ্যতে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :